
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ৪টি দেশীয় ওয়ান শুটার গান, ৪ রাউন্ড গুলি এবং ১৩ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার দিবাগত রাতে পৃথক চারটি অভিযান চালিয়ে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আমীর হোসেন মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে চকপাড়া বিওপির অধীন সীমান্ত পিলার ১৮৩/৪-এস এলাকা থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নামোচকপাড়া এলাকায় তিনজন চোরাকারবারীকে দেখতে পায় বিজিবির টহল দল। এ সময় টহল দল তাদের ধাওয়া করলে তারা একটি ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ থেকে ৪টি দেশীয় ওয়ান শুটার গান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অন্যদিকে বিজিবির আরও তিনটি পৃথক অভিযানে চকপাড়া মাঠ এলাকা থেকে ৯ হাজার ৭৫০ পিস ইয়াবা, নলডুবি ব্রিজ এলাকা থেকে ৪ হাজার পিস ইয়াবা এবং বালিয়াদিঘী এলাকা থেকে ১৩ বোতল ফেন্সিডিল, ২৭ বোতল বিদেশি মদ ও ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বিজিবির ওই কর্মকর্তা।