
নিজস্ব প্রতিনিধি: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিন।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সচিব পদমর্যাদায় তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. গোলাম রব্বানী।
বিএমডিএ রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় কার্যক্রম পরিচালনা করে থাকে। সংস্থাটি কৃষিজমিতে সেচ সুবিধা প্রদান, কৃষিপণ্য পরিবহন সহজীকরণে গ্রামীণ সড়ক নির্মাণ এবং সবুজায়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এর প্রধান কার্যালয় রাজশাহীতে অবস্থিত।
নবনিযুক্ত চেয়ারম্যান হাসান জাফির তুহিনের বাড়ি পাবনা জেলায়। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশ নেন। নির্বাচনে তিনি প্রায় তিন হাজার ভোটের ব্যবধানে জামায়াতে ইসলামীর প্রার্থী আলী আছগারের কাছে পরাজিত হন।
