
নিজস্ব প্রতিনিধি: রাজশাহী নওহাটা পৌরসভা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০ কেজি হারে ৪ হাজার ৬২৫ পরিবারকে ভিজিএফ চাল বিতরণ করেছে। সোমবার (৯ মার্চ) সকালে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। চাল বিতরণ অনুষ্ঠানে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পবা জোনের সহকারী প্রকৌশলী মো. জামিনুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপির নেতা মো. মর্তুজা আলী, পৌর নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, ডা. মো. ওয়ালিউল ইসলাম খান, হিসাবরক্ষক কর্মকর্তা সাজ্জাদ হোসেন, পৌর কর নির্ধারক হাবিবুর রহমান, প্রধান সহকারী নূরুল ইসলামসহ নওহাটা পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং পবা থানার এসআই তাজসেলেকা সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এবিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন,“পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমরা নওহাটা পৌরসভার নয়টি ওয়ার্ডের ৪ হাজার ৬২৫টি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করছি। এর ধারাবাহিকতায় দুই, চার, পাঁচ ও ছয় নং ওয়ার্ডের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে সকল ওয়ার্ডে এই কার্যক্রম সম্পন্ন হবে। আমাদের লক্ষ্য হল সুবিধাভোগীদের মুখে আনন্দ ফিরিয়ে আনা।”
পৌরসভার চৌবাড়িয়া উত্তর পাড়া এলাকায় প্রতিবন্ধী আব্দুল মান্নান দুই হাতে ভর করে চাল নিতে এসে বলেন,“আমি পঙ্গু ও দুই হাতে ভর দিয়ে চলাফেরা করি। আমার পরিবারে কোনো কর্মক্ষম সদস্য নেই। তাই প্রতিদিন অনেক কষ্টে দিন কাটে। আজ এই চাল আমার জন্য বড়ো সহায়তা। আমি সত্যিই খুব কৃতজ্ঞ। এই সাহায্য আমার পরিবারের অনেক প্রয়োজন পূরণ করবে এবং ঈদ উদযাপন সহজ করবে।”
এছাড়া নওহাটা পৌরসভার তেঘর মধ্যপাড়া এলাকার হাজেরা বেগমও চাউল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সহায়তা আমার পরিবারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ঈদে পরিবারের জন্য খাদ্য সরবরাহে এটি বড়ো সহায়তা হবে।”
