
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কুথানিপাড়া এলাকায় গ্রাম্য সালিস বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনায় অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির জন্য একটি গ্রাম্য সালিস বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে রানিহাটি ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা রহমত আলীর সমর্থক এবং স্থানীয় সাবেক মেম্বার চান্দুর অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে অর্ধশতাধিক ককটেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং আতঙ্কে স্থানীয় বাসিন্দারা নিরাপদ স্থানে আশ্রয় নেন।
এ সময় কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
