
নিজস্ব প্রতিবেদক:
২০১৭ সালে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের কাজ শুরু হলেও দীর্ঘ ৯ বছরেও প্রকল্প এলাকায় দৃশ্যমান অবকাঠামো গড়ে ওঠেনি। প্রকল্পের অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় এর কারণ জানতে চেয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়।
গত ১২ এপ্রিল পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সহকারী পরিচালক মো. মশিউর রহমান খান মিথুন স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত চিঠি দেন। পরদিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা-১ শাখার উপ-সচিব নাসরিন পারভীন রামেবির উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হকের কাছে বিষয়টি জানতে চেয়ে চিঠি পাঠান। বুধবার (১৫ এপ্রিল) এর মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
জানা গেছে, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বড়বনগ্রাম, বাজে সিলিন্দা ও বারইপাড়া মৌজার ৬৭ দশমিক ৬৭৯২ একর জমির ওপর রামেবি ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পের প্রথম ধাপে ১ হাজার ২০০ শয্যাবিশিষ্ট ১২ তলা হাসপাতাল ভবন নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো গড়ে তোলার কথা রয়েছে।
পুরো প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা। এর মধ্যে প্রথম ধাপে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ নিয়ে কাজ শুরু হয়। ভূমি অধিগ্রহণ শেষে ২০২৪ সালের ১ ডিসেম্বর অবকাঠামো নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও কাজের অগ্রগতি এখনও ধীরগতির।
২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর জাতীয় গড় অগ্রগতি ১৭ দশমিক ৫৪ শতাংশ। এর চেয়ে কম অগ্রগতি থাকা প্রকল্পগুলোর বিষয়ে কারণ জানতে চেয়েছে মন্ত্রণালয়, যার মধ্যে রামেবি স্থাপন প্রকল্পও রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রামেবির উপাচার্য ও প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. জাওয়াদুল হক বলেন, প্রকল্প বাস্তবায়নে প্রায় দুই বছর পিছিয়ে রয়েছে। এই ঘাটতি পূরণ করা কঠিন হলেও কাজ এগিয়ে নিতে চেষ্টা চলছে।
তিনি আরও জানান, মন্ত্রণালয়ের পাঠানো চিঠি তিনি পেয়েছেন এবং অগ্রগতির বিস্তারিত প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই মন্ত্রণালয়কে জানানো হবে। তবে প্রকল্পের বর্তমান অগ্রগতির শতকরা হার তিনি উল্লেখ করেননি।
