
নিজস্ব প্রতিবেদক, নাটোর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাটোর জেলায় ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। তারা ‘মোবাইল’ ও ‘স্ট্রাইকিং’ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ জানুয়ারি থেকে বিজিবি সদস্যরা জেলার চারটি সংসদীয় আসনে ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন শুরু করেছেন। সীমান্ত সুরক্ষার পাশাপাশি নির্বাচনকালীন অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে জেলার সাতটি উপজেলায় তাদের মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকায় সাতটি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। প্রতিটি ক্যাম্পে দুই প্লাটুন করে মোট ১৪ প্লাটুন বিজিবি সদস্য অবস্থান করছেন।
দায়িত্ব পালনে স্বচ্ছতা ও নজরদারি জোরদার করতে বিজিবি সদস্যরা আধুনিক প্রযুক্তি, বডি-ওর্ন ক্যামেরা ও ড্রোন ব্যবহার করছেন। এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে বিজিবির র্যাপিড অ্যাকশন টিম (আরএটি) এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত রাখা হয়েছে।
বিজিবি জানিয়েছে, পেশাদার ও সুশৃঙ্খল বাহিনী হিসেবে তারা রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করবে এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কাজ করবে।