
নিউজ ডেস্ক:
দেশের ছয় জেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় একদিনে ১২ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। শনিবার দুপুরে হাওর ও খোলা স্থানে কাজ করার সময় অধিকাংশ হতাহতের ঘটনা ঘটে।
সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জে। জেলাটির চারটি উপজেলায় হাওরে কাজ করার সময় বজ্রপাতে পাঁচজন নিহত এবং চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন— নুরুজ্জামান, হাবিবুর রহমান, রহমত উল্লাহ (২৩), লিটন মিয়া এবং আবুল কালাম ওরফে কালা মিয়া (২৮)। ঘটনাগুলো ঘটেছে জামালগঞ্জের পাগনার হাওর, ধর্মপাশার টগার হাওর, দিরাইয়ের কালিয়াগোটা হাওর ও তাহিরপুর এলাকায়।
ময়মনসিংহের গৌরীপুর ও গফরগাঁও উপজেলায় বজ্রপাতে রহমত আলী উজ্জ্বল (৩০) ও মমতাজ আলী খান (৫৮) নামে দুইজনের মৃত্যু হয়েছে। তারা পৃথক স্থানে আহত হয়ে পরে মারা যান।
রংপুরের মিঠাপুকুর উপজেলার সখিপুর এলাকায় বজ্রপাতে মিলন মিয়া (৩৫) ও আবু তালেব (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হন। আহতদের কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, নেত্রকোণার আটপাড়া উপজেলার মেষি হাওড়ে ঘাস কাটার সময় আলতু মিয়া (৬৫), কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বড় হাওরে ধান কাটতে গিয়ে হেলাল মিয়া (৩৮) এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মমিনা হাওরে সুনাম উদ্দিন (৬০) বজ্রপাতে প্রাণ হারান।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি বজ্রপাতের সময় খোলা স্থানে অবস্থান না করার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।