
পত্নীতলা প্রতিনিধি: সারাদেশে নারীদের ওপর হামলা, নির্যাতন ও হেনস্তার ঘটনার প্রতিবাদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে নিয়ে অবমাননাকর বক্তব্যের নিন্দা জানিয়ে নওগাঁর পত্নীতলায় মহিলা জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা সদর নজিপুর নতুনহাট এলাকা থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গরুহাটি এলাকায় গিয়ে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
অংশগ্রহণকারীরা নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, মর্যাদা রক্ষা, দোষীদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও অবমাননার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সমাবেশে বক্তারা বলেন, একটি সভ্য সমাজে নারীর প্রতি সহিংসতা ও অসম্মানের কোনো স্থান নেই। পাশাপাশি ইসলামি নেতৃবৃন্দের বিরুদ্ধে অবমাননাকর আচরণ বন্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি হাবিবা সুলতানা, কর্মপরিষদ সদস্য আমিনা সওদাগরসহ স্থানীয় মহিলা বিভাগের নেত্রীবৃন্দ ও সদস্যরা।