
বড়াইগ্রাম প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মো. আব্দুল হাকিম তার “পরিবর্তনের ইশতেহার” ঘোষণা করেছেন। শনিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় তার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রার্থী নিজেই ১৬ দফা ইশতেহার পাঠ করেন।
ইশতেহারে মাওলানা আব্দুল হাকিম বলেন, তিনি আল্লাহভীরু নেতৃত্ব, সৎ ও যোগ্য জনপ্রতিনিধিত্ব এবং ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছেন। দুর্নীতিমুক্ত, জনকল্যাণমুখী ও মানবিক জনপদ গড়াই তার প্রধান অঙ্গীকার। ভোটারদের সমর্থন পেলে তিনি ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
ইশতেহারে সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে ঘুষ, দুর্নীতি, মাদক, চাঁদাবাজি, ধর্ষণ ও দলীয়করণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা বলা হয়। পাশাপাশি স্থানীয় সরকার দপ্তরে সেবা নিশ্চিত করা, জনকল্যাণে বরাদ্দের সঠিক ব্যবহার এবং নিয়োগ-পদোন্নতিতে স্বচ্ছতা বজায় রাখার অঙ্গীকার করা হয়।
কৃষি খাতে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত, সেচ-সার-বীজ সরবরাহ, হিমাগার নির্মাণ, কৃষিভিত্তিক ক্ষুদ্র শিল্প ও ফিশ প্রসেসিং সেন্টার স্থাপনের পরিকল্পনা তুলে ধরা হয়। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে চাঁদাবাজিমুক্ত পরিবেশ ও ক্ষুদ্র-মাঝারি শিল্পে সহায়তার কথা উল্লেখ করা হয়।
শিক্ষা খাতে নৈতিক পরিবেশ নিশ্চিত, নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ, নতুন ভবন নির্মাণ এবং কওমি ও হাফিজিয়া মাদরাসায় বরাদ্দের উদ্যোগের কথা বলা হয়। স্বাস্থ্য খাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীতকরণ, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, আইসিইউ চালু, মা-শিশু স্বাস্থ্য কর্মসূচি ও প্রবীণদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার পরিকল্পনা তুলে ধরা হয়।
এছাড়া মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের সম্মান ও পুনর্বাসন, সড়ক-ব্রিজ উন্নয়ন, মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, রেললাইন স্থাপন, যুবদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান, নারীর নিরাপদ কর্মপরিবেশ, ধর্মীয় সম্প্রীতি রক্ষা, পরিকল্পিত নগরায়ন, ক্রীড়া-সংস্কৃতি ও পর্যটন উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং ডিজিটাল প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়।
তিনি বলেন, দুই উপজেলার বিশিষ্টজনদের সমন্বয়ে একটি উন্নয়ন ফোরাম গঠন করে ইশতেহার বাস্তবায়ন করা হবে। সময়ের প্রয়োজন অনুযায়ী সমস্যার দ্রুত সমাধানেও পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলা সেক্রেটারি আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক হাবিবুর রহমান, গুরুদাসপুর উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম, বিজ্ঞানী ফজলুল হক, ফিউচার ব্রিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম শান্ত, এনসিপির জেলা যুগ্ম সদস্য সচিব হাফিজুর রহমান ময়না, খেলাফতে মজলিসের নেতা মাওলানা ওমর ফারুকসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।