
গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন। আজ এ পরিদর্শনের সময় এমপি মুজিবুর রহমান হাসপাতালের জরুরি বিভাগে বসার জন্য পর্যাপ্ত সিটিং চেয়ারের প্রয়োজনীয়তার কথা জানান এবং তা দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন। তিনি ডিউটি অনুযায়ী কর্মরত চিকিৎসক, নার্স ও স্টাফদের উপস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং রেজিস্টারও পর্যালোচনা করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আবাসিক ব্যবস্থাপনায় বর্তমানে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও স্টাফ কর্মরত রয়েছেন। এ সময় হাসপাতালের নবজাতক ও তাদের মায়েদের খোঁজখবর নেন এমপি মুজিবুর রহমান এবং তাদের সুস্থতার জন্য দোয়া করেন। পরে হাসপাতালের রান্নাঘরও পরিদর্শন করেন তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল জাহিদ এমপিকে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখান। গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৫০টি শয্যা রয়েছে। এখানে ২৪ জন চিকিৎসক, ৩০ জন নার্স এবং প্রয়োজনীয় সংখ্যক অন্যান্য স্টাফ কর্মরত আছেন। পরিদর্শনকালে জেলা জামায়াতের সহ-সেক্রেটারী অধ্যাপক কামরুজ্জামান, উপজেলা আমির নুমায়ন মাস্টার এবং মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।