
অনলাইন ডেস্ক:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় তাঁরা জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তাঁরা।
শ্রদ্ধা নিবেদনের সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পরে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন।
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা ফেরার পথে সকাল ৭টার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।
এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীর উদ্দেশে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সব শ্রেণি-পেশার মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, ২৬ মার্চ বাংলাদেশের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। এ দিনে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। একই সঙ্গে মুক্তিযোদ্ধা, নির্যাতিতা মা-বোন এবং স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
