
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরের মতিহার থানাধীন মৌলবী বুধপাড়া এলাকায় পূর্ব বিরোধের জেরে হামলার ঘটনায় মোঃ জনি ইসলাম (২৯) নামে এক যুবক আহত হয়েছেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৭ জুন) রাত আনুমানিক ১০টার দিকে মৌলবী বুধপাড়া এলাকার ৩০ নম্বর ওয়ার্ডে পরপর তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর স্থানীয়রা একটি মোটরসাইকেল পাশের ড্রেনে পড়ে থাকতে দেখেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, হামলার শিকার হয়ে আহত জনি ইসলামকে স্বজনরা দ্রুত উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে রাত ১১টার দিকে ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা প্রতিবেদনে তার মাথা ও হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা যায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে। একই সঙ্গে বিস্ফোরণের শব্দ শোনার কারণে ঘটনাটিকে ঘিরে এলাকায় নানা ধরনের আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। তবে হামলার পেছনের প্রকৃত কারণ এবং কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি মুক্তার হোসেন বলেন, “ঘটনাটি উদ্বেগজনক। দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।”
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।