
অনলাইন ডেস্ক:
বাসচাপায় প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- প্রাইভেটকারের চালক বরিশালের জামাল হোসেন (৫২), ঢাকার মোহাম্মদপুরের জামি’আ মুহাম্মাদিয়া আরাবিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও প্রধান মুফতি আব্দুল মুমীন (৫০), তাঁর স্ত্রী ঝর্না বেগম (৪০), ছেলে সাইফ (৭) ও মেয়ে লাবিবা (১৮)। তাঁদের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাতারপাইয়া গ্রামে।
জানা গেছে, ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তাঁরা।
এ ঘটনায় মুফতি আব্দুল মুমীনের আরেক ছেলে আবরার (১২) ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকদের মতে, সে শঙ্কামুক্ত।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মমিন জানান, স্টারলাইন পরিবহনের একটি বাস প্রাইভেটকারটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ।
