
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা) আজ শনিবার (০৪ এপ্রিল) সকাল ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করেছেন।
সম্প্রতি রাজশাহীতে শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের শিশু ওয়ার্ডগুলোতে রোগীর চাপ বেড়েছে। এ প্রেক্ষিতে প্রশাসক সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহ ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি রোগীদের স্বজনদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং চিকিৎসা সেবায় কোনো ধরনের অবহেলা হচ্ছে কি না সে বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি চিকিৎসা কার্যক্রম আরও জোরদার করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সুদৃষ্টি রয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় হাম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, প্রধান সহকারী এস. এম. আল মতিন, উপ-সহকারী প্রকৌশলী (অ:দা:) মোঃ আলেফ আলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।