
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়। একই সময়ে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে আইসোলেশন ওয়ার্ড থেকে ছাড়পত্র পেয়েছে পাঁচজন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৩৮ জন রোগী।
হামের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত রামেক হাসপাতালে ৪১১ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ৪২ জনের মৃত্যু হয়েছে। মৃত শিশুদের বেশিরভাগের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায়।
অপরদিকে, রাজশাহী সিডিএম হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত তিন দিনে সেখানে চারজনের মৃত্যু হয়েছে। ফলে সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে রাজশাহীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে।