
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে নগর ভবনের সিটি হলরুমে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্রশাসক (মেয়রের পদমর্যাদা) মো. মাহফুজুর রহমান রিটন। তিনি ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুর রহমান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. নাসিম আখতার, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ডা. মো. আসেম আলী, ইসলামী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. মামুন আর রশিদ, রাজশাহী সিভিল সার্জন ডা. রাজিউল করিম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. গাজিউর রহমান, নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাহবুব উল আলম চৌধুরী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিভিশনাল কো-অর্ডিনেটর ডা. মো. কামরুজ্জামান এবং ইউনিসেফের ন্যাশনাল স্পেশালিস্ট ডা. মো. রেজাউর রহমান মিল্টন।
সভায় রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম তথ্যচিত্র উপস্থাপন করেন।
রাসিকের ফুড অ্যান্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হকের সঞ্চালনায় সভায় স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ১৪ কর্মদিবসে কমিউনিটি পর্যায়ে ৪৫ হাজার ৬২৩ জন এবং স্কুল পর্যায়ে ৮ হাজার ৫২১ জনসহ মোট ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় নগরীর ২৮৬টি শিক্ষা প্রতিষ্ঠান, ২৪০টি কমিউনিটি কেন্দ্র এবং ৬টি স্থায়ী কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
এছাড়া প্রতিটি অস্থায়ী কেন্দ্রে ২ জন টিকাদানকারী ও ৩ জন স্বেচ্ছাসেবী এবং স্থায়ী কেন্দ্রে ১ জন টিকাদানকারী ও ১ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন বলে সভায় জানানো হয়।
