
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী মহানগরীর মতিহার এলাকায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে বোয়ালিয়া থানা পুলিশ। পুলিশ কমিশনারের সরাসরি নির্দেশনায় ঘটনার মাত্র আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্তকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (৭ জুন) বেলা ১১টার পর এসএসসি পরীক্ষার্থী এক শিক্ষার্থী তার দুই বান্ধবীর সঙ্গে স্কুলে যাওয়ার পথে তালাইমারী প্রিন্সিপালপাড়া এলাকার ডায়মন্ড টাওয়ারের সামনে পৌঁছালে সামিউল সিরাজ (সিজান) নামে এক যুবক তাদের পথরোধ করে। পূর্ববিরোধের জের ধরে অভিযুক্ত ওই ছাত্রীকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে বলে অভিযোগ রয়েছে।
হামলায় শিক্ষার্থীর হাত ও পেটের একপাশে গুরুতর জখম হয়। ঘটনার পর অভিযুক্ত দ্রুত পালিয়ে গেলে তার সঙ্গে থাকা বান্ধবীরা আহত ছাত্রীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।
ঘটনার খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। তার নির্দেশনায় একাধিক টিম মাঠে নেমে অভিযান শুরু করে।
পরে বোয়ালিয়া থানা পুলিশ রবিবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বোয়ালিয়া থানার টিকাপাড়া বাসার রোড এলাকা থেকে অভিযুক্ত সামিউল সিরাজ (সিজান)-কে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই প্রযুক্তিগত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা সম্ভব হয়েছে।
এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
গাজিউর রহমান
ডিসি (সিটিটিসি) ও মুখপাত্র
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।