
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার একদিনের মাথায় রাজশাহী সরকারি সিটি কলেজে কমিটি নিয়ে বিরোধের জেরে বিক্ষোভ, সড়ক অবরোধ এবং দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে নবগঠিত আংশিক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা সাহেববাজার জিরো পয়েন্ট ও রাজশাহী সরকারি সিটি কলেজের সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা সড়কের পাশে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিক্ষোভ চলাকালে নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা ঘটনাস্থলে এলে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে একই দাবিতে রাজশাহী সরকারি নিউ ডিগ্রি কলেজের সামনেও ছাত্রদলের একাংশ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে বলে জানা গেছে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ঘোষিত আংশিক আহ্বায়ক কমিটিতে বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। তাদের দাবি, টিকটকার, চাঁদাবাজ ও মাদকসেবীদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা কমিটিটিকে ‘পকেট কমিটি’ আখ্যায়িত করে অভিযোগ করেন, অর্থের বিনিময়ে এ কমিটি ঘোষণা করা হয়েছে। ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়ন করে নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারা।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশের হস্তক্ষেপে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রাজশাহীর ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী সরকারি নিউ ডিগ্রি কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী কলেজ, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এবং রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউট।
ঘোষিত কমিটি অনুযায়ী, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের ৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে আবু সাঈদ হাসানকে আহ্বায়ক এবং শামানুল হক হৃদয়কে সদস্য সচিব করা হয়েছে।