
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী নগরীর টি-বাঁধসংলগ্ন আমিরপুর খেয়াঘাটে সরকার নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত টোল আদায় করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
রোববার (২৮ জুন) দুপুরে আমিরপুর খেয়াঘাট পরিদর্শনে গিয়ে তিনি নৌযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং পারাপারের জন্য আদায় করা ভাড়া ও টোল সম্পর্কে খোঁজ নেন।
এ সময় রাসিক প্রশাসক সংশ্লিষ্টদের সরকার নির্ধারিত হারে যাত্রী, পণ্য ও পশু পরিবহনের মাশুল আদায়ের নির্দেশ দেন। তিনি বলেন, নির্ধারিত হারের অতিরিক্ত টোল আদায় বা অন্য কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাহফুজুর রহমান রিটন বলেন, পদ্মা নদীর ওপারের মানুষ প্রতিদিন বিভিন্ন প্রয়োজনেই রাজশাহী মহানগরে আসেন। তাদের যাতায়াতের অন্যতম মাধ্যম এই খেয়াঘাট। তাই যাত্রীসেবার মান উন্নয়ন এবং খেয়াঘাটের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, নদীর ওপারের চর মাঝারদিয়াসহ আশপাশের এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। তাদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব মো. সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ই-সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।