
নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ বিরতির পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট (পর্যটন) ভিসার আবেদন গ্রহণ শুরু হওয়ায় রাজশাহীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-এ ভিসাপ্রার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সোমবার (২৯ জুন) সকাল থেকে নগরীর বর্ণালী মোড়ে অবস্থিত কেন্দ্রটির সামনে আবেদনকারীদের দীর্ঘ সারি দেখা যায়।
সোমবার সকাল ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, দুই শতাধিক ভিসাপ্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে আছেন। আবেদনকারীদের অনেকে জানান, সিরিয়াল নিশ্চিত করতে তারা সকাল ৭টার আগেই ভিসা সেন্টারের সামনে উপস্থিত হন। সকালে ভিড় আরও বেশি ছিল বলেও জানান তারা।
ভিসাপ্রার্থীদের মধ্যে অনেকে চিকিৎসা, আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ, ধর্মীয় ভ্রমণ এবং পর্যটনের উদ্দেশ্যে ভারতে যেতে আগ্রহী। দীর্ঘদিন ট্যুরিস্ট ভিসা আবেদন বন্ধ থাকার পর পুনরায় কার্যক্রম শুরু হওয়ায় একযোগে বিপুলসংখ্যক আবেদনকারী কেন্দ্রে আসছেন।
আবেদনকারীরা জানান, দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হলেও আবেদন গ্রহণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে ভিসা সেন্টারের সামনে অতিরিক্ত নিরাপত্তাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গেছে, গত ২৮ জুন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। প্রথম ধাপে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে আবেদন জমা নেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনকারীদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করে নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত হতে হবে। বৈধ পাসপোর্ট, আবেদনপত্র, ছবি ও প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র সম্পূর্ণ থাকলে আবেদন গ্রহণ করা হচ্ছে।
সংশ্লিষ্টদের ধারণা, দীর্ঘদিন পর ট্যুরিস্ট ভিসা কার্যক্রম পুনরায় চালু হওয়ায় আগামী কয়েকদিনও রাজশাহী ভিসা আবেদন কেন্দ্রে ভিসাপ্রার্থীদের চাপ অব্যাহত থাকতে পারে।