
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবা উপজেলায় অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে দুইটি বেকারি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রবিবার সকাল সাড়ে ১১টায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।
অভিযানে দেখা যায়, নওহাটা এলাকার তাজ বেকারী অ্যান্ড কনফেকশনারী বিএসটিআইয়ের বাধ্যতামূলক গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন এবং বাজারজাত করছিল। এছাড়া প্রতিষ্ঠানটি পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করছিল। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে বায়া বাজার এলাকার সামিউল খালেক বেকারী বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন ও বিক্রি করায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ এবং সেহরীন তাবাসসুম তিথী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য প্রতিরোধ এবং নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।