
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় এক রিকশাচালকের ওপর হামলা, মারধর ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
রোববার (৫ জুলাই) শাহমখদুম থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় আরএমপি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩ জুলাই বিকেলে শাহমখদুম থানার বোয়ালিয়া সড়কের পাশে একটি রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে এক রিকশাচালককে মারধর করে তার কাছে থাকা একটি মোবাইল ফোন ও প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরএমপি কমিশনার মো. ফয়েজুল কবিরের নজরে আসে। পরে তাঁর নির্দেশে শাহমখদুম থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে শিশু আইনের বিধান অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে শাহমখদুম থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরএমপি জানিয়েছে, মহানগরীতে কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।