
নিজস্ব প্রতিবেদক :
শিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও গণতান্ত্রিক চর্চার দীর্ঘ ঐতিহ্যকে ধারণ করে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, আবাসিক হলের প্রাধ্যক্ষ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা, সংস্কৃতি এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ হিসেবে নিজস্ব অবস্থান সুদৃঢ় করেছে। গৌরবময় এই ঐতিহ্যকে ধারণ করে ভবিষ্যতেও জ্ঞানচর্চা, গবেষণা, মানবসম্পদ উন্নয়ন এবং জাতীয় অগ্রগতিতে বিশ্ববিদ্যালয় আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে পুরো প্রাঙ্গণে বিরাজ করে আনন্দ-উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্যের আবহ।