
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাবনা জেলা কারাগারের বন্দী সিরাজুল ইসলাম (৫০) মারা গেছেন। বুধবার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার আখেরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মারামারির একটি মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলামের বাড়ি পাবনা সদর উপজেলার দাপুলিয়া গ্রামে।
তিনি আরও জানান, অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে পাবনা জেলা কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার দিবাগত রাতে হাসপাতালে ভর্তি করার পর বুধবার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জেলার আখেরুল ইসলাম বলেন, সিরাজুল ইসলাম ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুর পর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।