
নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ এবং জুলাই শহিদ দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও ব্যাপক জনসম্পৃক্ততার মাধ্যমে উদযাপনের লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈম হাছান, সিভিল সার্জন ডা. এস. আই. এম. রাজিউল করিম, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ,রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা মামুন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সবুর আলী।
সভায় জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক চেতনা, অধিকার আদায়ের সংগ্রাম ও আত্মত্যাগের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। দিবস দুটি পালনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস, গণতান্ত্রিক মূল্যবোধ এবং শহিদদের আত্মত্যাগের বার্তা পৌঁছে দিতে হবে।” তিনি সফলভাবে কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।
পুলিশ সুপার মোহাম্মদ নাঈম হাছান জানান, দিবস দুটির সব কর্মসূচিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠান সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
সিভিল সার্জন ডা. এস. আই. এম. রাজিউল করিম বলেন, কর্মসূচিগুলোতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল টিম ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রস্তুত রাখা হবে।
সভায় দিবস দুটি উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা, জনসচেতনতা বৃদ্ধি এবং সার্বিক আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ দপ্তরের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদা, শৃঙ্খলা এবং ব্যাপক জনসম্পৃক্ততার মাধ্যমে উদযাপনের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।