
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মহানগরীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার (কসাইখানা) নির্মাণ এবং কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার আধুনিকায়নকে ঘিরে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নগর ভবনের সিটি হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। সভার শুরুতে প্রশাসকের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে রাসিকের ছয়টি বিভাগের পক্ষ থেকেও তাঁকে শুভেচ্ছা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার নির্মাণ এবং কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার আধুনিকায়নের উদ্যোগ সময়োপযোগী। এ দুটি প্রকল্প বাস্তবায়নে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
তিনি বলেন, আধুনিক কসাইখানা নির্মিত হলে স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে চিড়িয়াখানার আধুনিকায়নের মাধ্যমে নগরবাসী উন্নত বিনোদন সুবিধা পাওয়ার পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।
মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর গাজিউর রহমান, দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর এবং সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান আহমেদ এবং রাজশাহী মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি আতাহার রহমান।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মাংস ব্যবসায়ী সমিতির সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন। সভায় আধুনিক মিট প্রসেসিং সেন্টার নির্মাণ এবং কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরা হয়।