
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরের টেকসই ও প্রযুক্তিনির্ভর উন্নয়নকে এগিয়ে নিতে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে রাজশাহী নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাজশাহী মহানগরের টেকসই উন্নয়ন, স্মার্ট সিটি বাস্তবায়ন, শিক্ষা ও গবেষণার প্রসার, পরিবেশ সংরক্ষণ এবং রাসিক ও রুয়েটের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় নগর উন্নয়নে প্রযুক্তিনির্ভর পরিকল্পনা প্রণয়ন, গবেষণালব্ধ জ্ঞান বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে দুই প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আধুনিক নগর ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রমে রুয়েটের প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানোর বিষয়েও মতবিনিময় হয়।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে রাজশাহীর উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন প্রকল্প ও উদ্যোগে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।