
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহীর কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট কর্নেল মো. রুবায়াৎ কবীর (পিবিজিএন)। সাক্ষাতে নগর উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সমন্বয় জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে রাজশাহী নগর ভবনে প্রশাসকের দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি রাজশাহী মহানগরের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
আলোচনায় নগর উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা, সেবার মান বাড়ানো এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, “নগরবাসীকে উন্নত ও কার্যকর সেবা দিতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। জনগণের কল্যাণে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট কর্নেল মো. রুবায়াৎ কবীর রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন ও জনসেবামূলক উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতেও জনস্বার্থে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ সমন্বিত উদ্যোগের মাধ্যমে নাগরিক সেবার মান আরও উন্নত করা এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে অধিক কার্যকর ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।