
জয়,চীফ রিপোর্টার
রাজশাহীর দুর্গাপুর উপজেলাকে একটি মানবিক ও উন্নয়নমুখী উপজেলা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের পাশে চাইলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা।
বৃহস্পতিবার ২৩ জুলাই বিকেল ৪টায় উপজেলা পরিষদের মিনি হলরুমে দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মতবিনিময় সভায় উপজেলার উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ এবং প্রশাসন-গণমাধ্যমের সমন্বিত কার্যক্রম নিয়ে খোলামেলা আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক মো. জুবায়ের তুহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসিবুর রহমান, সহ-সভাপতি মো. খুরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান সুমন, কোষাধ্যক্ষ মো. রবিউল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মো. আলামিন হক বিজয়, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. নাঈম ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো. জিল্লুর রহমান, সহযোগী সদস্য মো. হাবিবুর রহমান হাবিব, মো. জাকির হোসেন এবং সিনিয়র সাংবাদিক মো. মিজান মাহী।
প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, দুর্গাপুরের সম্ভাবনা ও ইতিবাচক কর্মকাণ্ড দেশব্যাপী তুলে ধরতে সাংবাদিকরা সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। প্রশাসনের জনকল্যাণমূলক উদ্যোগ ও সুশাসন প্রতিষ্ঠায় ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সহযোগিতা অব্যাহত থাকবে।
ইউএনও উম্মে হাবিবা ফারজানা বলেন, “একটি উন্নত ও মানবিক সমাজ গড়তে হলে প্রথমেই আমাদের নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। দুর্গাপুরে অনেক প্রতিভাবান ব্যক্তি ও নীরব সমাজসেবক রয়েছেন। তাদের খুঁজে বের করে সমাজের সামনে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা চাই।”
তিনি সাংবাদিকদের মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং যৌক্তিক সমাধানে কাজ করার আশ্বাস দেন। পাশাপাশি প্রশাসন ও গণমাধ্যমের সমন্বয়ে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সভার শেষে দুর্গাপুরকে একটি মানবিক, উন্নয়নমুখী ও সম্ভাবনাময় উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করার অঙ্গীকার করা হয়।