
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও ভাষাসৈনিক পরিবারের সদস্য মো. সাইদুর রহমান কিডনি-জনিত জটিলতায় অসুস্থ হয়ে রাজশাহী মহানগরীর মিশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
অসুস্থতার খবর পেয়ে শনিবার মিশন হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক হাসানুজ্জামান। এ সময় তাঁর সঙ্গে দীর্ঘদিনের সিনিয়র ও জুনিয়র সহকর্মীরাও উপস্থিত ছিলেন।
হাসানুজ্জামান চিকিৎসকদের সঙ্গে কথা বলে সাইদুর রহমানের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নেন। পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি সাইদুর রহমানের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে নিয়মিত খোঁজ রাখবেন বলেও জানান।
এদিকে, সাইদুর রহমানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সাংবাদিক সমাজ, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। তাঁরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মিশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দীর্ঘদিন ধরে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি হিসেবে মো. সাইদুর রহমান সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন এবং গণমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।