
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির তৎপরতায় তারা বাংলাদেশে প্রবেশ করতে না পারলেও পরবর্তীতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠকের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তাদের মধ্যে ১১ জন নারী, চারজন শিশু এবং পাঁচজন পুরুষ ছিলেন। বিষয়টি জানতে পেরে বিজিবির টহল দল দ্রুত সীমান্ত এলাকায় অবস্থান নেয় এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। এ সময় ওই ব্যক্তিরা নো-ম্যানস ল্যান্ড সংলগ্ন ভারতীয় অংশে অবস্থান করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে নজরদারি জোরদার করে বিজিবি। পরে শনিবার দুপুরে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, বিজিবির সদস্যদের সতর্ক অবস্থান ও দ্রুত পদক্ষেপের কারণে ২০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। বৈঠকে বিজিবি বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরলে বিএসএফ নো-ম্যানস ল্যান্ডে অবস্থানরত ওই ২০ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।