
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলায় স্ত্রী ও দুই বছরের কন্যাসন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। শুক্রবার সকালে বসতঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান অভিযুক্ত স্বামীও। নিহতরা হলেন- আত্রাই উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের গৌতম সরকারের ছেলে রাজ সরকার (৩৫), তাঁর স্ত্রী দৃষ্টি সরকার এবং দুই বছরের মেয়ে জেনি সরকার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের খাবার শেষে স্ত্রী ও মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন রাজ সরকার। রাতের কোনো এক সময় তিনি ঘুম থেকে উঠে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী ও কন্যাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে তিনি নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
প্রতিবেশীরা জানান, রাতে ওই বাড়ি থেকে চিৎকারের শব্দ শোনা গেলেও কেউ তখন এগিয়ে যাননি। শুক্রবার সকালে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় স্ত্রী ও শিশুকন্যার রক্তাক্ত মরদেহ এবং ঘরের মেঝেতে আহত অবস্থায় রাজ সরকারকে পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়রা দ্রুত রাজ সরকারকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
রাজ সরকারের প্রতিবেশী আনন্দ কুমার জানান, সকালে দরজা ভেতর থেকে বন্ধ দেখে সন্দেহ হলে গ্রামবাসী দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। তখন মা-মেয়ের মরদেহ এবং গুরুতর আহত অবস্থায় রাজ সরকারকে দেখতে পান।
আত্রাই থানার ওসি আবদুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজ সরকার প্রথমে স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাতে হত্যা করেন। পরে তিনি নিজে গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তিনি মাদকাসক্ত ছিলেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। তিনি আরও বলেন, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
