
এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় জ্বালানি সরবরাহে নতুন নিয়ম চালু করেছে সরকার। এখন থেকে মোটরসাইকেলসহ সকল যানবাহনের জন্য নির্ধারিত ফুয়েল অ্যাপে নিবন্ধন ছাড়া পেট্রোল বা অকটেন সরবরাহ করা হবে না।
ভোলাহাট ফিলিং স্টেশন কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী সকল মোটরসাইকেল চালকদের বাধ্যতামূলকভাবে ফুয়েল অ্যাপে নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় কোনোভাবেই জ্বালানি প্রদান করা হবে না।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জ্বালানি বিতরণে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতেই এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।
এদিকে নতুন এই নির্দেশনা ঘিরে স্থানীয় মোটরসাইকেল চালকদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। অনেকেই দ্রুত অ্যাপে নিবন্ধনের উদ্যোগ নিচ্ছেন, তবে কিছু চালক এ বিষয়ে আরও স্পষ্ট নির্দেশনা দাবি করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনলাইনে কাজ করা কম্পিউটার দোকানগুলোতে গিয়ে সহজেই ফুয়েল অ্যাপে নিবন্ধন করা যাচ্ছে। বিশেষ করে সন্ন্যাসীতলা মেডিকেল মোড়, ছাইতনতলা এবং উপজেলা উত্তর ও দক্ষিণ গেট সংলগ্ন বিভিন্ন মার্কেটে এ সেবা পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদ জানান, নির্দেশনা অনুযায়ী এখন থেকেই ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি সরবরাহ কার্যক্রম চালু করা হয়েছে। তিনি বলেন, দেশে জ্বালানির কোনো সংকট নেই। একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে, যা প্রতিরোধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
