
অনলাইন ডেস্ক:
ঈদুল ফিতরের নামাজ শেষে ঈদগাহ এলাকায় চাঁদা উত্তোলনের অভিযোগে এক যুবককে গণপিটুনি দেওয়া হয়েছে। শনিবার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বিলাসী এলাকায় এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ঈদের জামাত শেষে উত্তেজিত জনতা বিটুল নামে এক যুবককে ধাওয়া করে মারধর করছে। একপর্যায়ে তিনি পাশের একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন।
স্থানীয়দের অভিযোগ, ঈদগাহ সংলগ্ন অস্থায়ী দোকানগুলো থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে চাঁদা তুলতে যান বিটুলসহ কয়েকজন। দোকানদারদের দাবি, প্রতিটি দোকান থেকে ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত চাঁদা দাবি করা হয় এবং অনেকের কাছ থেকে তা আদায়ও করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন ব্যবসায়ী ও স্থানীয়রা।
ভুক্তভোগীরা আরও জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কয়েকটি দোকানে ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনাও ঘটে। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে উপস্থিত লোকজন বিটুলকে ধাওয়া করে গণপিটুনি দেয়। যদিও কয়েকজন তাকে রক্ষার চেষ্টা করেন, শেষ পর্যন্ত তিনি দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়ে পরিস্থিতি থেকে রক্ষা পান।
বিভিন্ন সূত্রে জানা গেছে, বিটুল টেপ্রীগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে বিএনপির স্থানীয় এক নেতা দাবি করেছেন, তিনি কেবল সাধারণ সদস্য।
দেবীগঞ্জ থানার ওসি কেএম মনিরুজ্জামান চৌধুরী জানান, ঈদ উপলক্ষে অস্থায়ী দোকান থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য চাঁদা আদায়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
