
এম. এস. আই শরীফ, ভোলাহাট : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ির চারটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় নগদ অর্থসহ ঘরের নিত্যপ্রয়োজনীয় মালামাল ভস্মীভূত হয়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পরিবার ও স্থানীয় সূত্র।
মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুর ২টার দিকে উপজেলার ৪নং জামবাড়ীয়া ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার চুলার আগুন থেকে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণের পর এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
বাড়ির মালিক জুলেখা বেগম ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দুপুরে রান্নার কাজ শেষ করে ঘরে তালা দিয়ে তিনি বিলে খাবার দিতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখতে পান তার বাড়ির চারটি ঘরে আগুন জ্বলছে। এ সময় ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, খাদ্যসামগ্রীসহ দৈনন্দিন ব্যবহারের প্রায় সব মালামাল আগুনে পুড়ে যায়।
জুলেখা বেগমের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ভোলাহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে চারটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
স্থানীয় ওয়ার্ড সদস্য মোঃ আব্দুস সবুর জানান, খাস জমিতে বসবাসকারী জুলেখা বেগম অনেক কষ্টে সংসার চালাতেন। অগ্নিকাণ্ডে তার পরিবারের বড় ধরনের ক্ষতি হয়েছে। পরিবারটির দাবি অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৬ লাখ টাকা।
ভোলাহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষ্ণ বসাক তলাপাত্র বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের মধ্য থেকে একটি বাক্স উদ্ধার করে পরিবারের কাছে নগদ ৯০ হাজার টাকা ফেরত দেওয়া সম্ভব হয়েছে। তিনি আরও জানান, চুলার আগুন পাশের শুকনো পাতায় ছড়িয়ে পড়ে গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। পরে সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।
