
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীকে সবুজ, পরিবেশবান্ধব, স্মার্ট, স্বাস্থ্যকর, নিরাপদ ও জলবায়ু-সহনশীল আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে নগর ভবনে রাসিক প্রশাসকের কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতের শুরুতে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন ফুলেল শুভেচ্ছা জানিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানান। পরে মতবিনিময় শেষে রাষ্ট্রদূতের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন তিনি। এ সময় রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজশাহী সিটি করপোরেশনের পরিদর্শন বইয়ে নিজের মন্তব্যও লিপিবদ্ধ করেন। মতবিনিময় সভায় রাজশাহী মহানগরীর অবকাঠামোগত উন্নয়ন, পরিবেশবান্ধব নগর পরিকল্পনা, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্ভাব্য সহযোগিতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
সৌজন্য সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান ও পলিটিক্যাল অফিসার চার্লস বেসনার্ড। এছাড়াও উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট ও হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলমসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রাজশাহী মহানগরীর টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।