
এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় জ্বালানী তেলের তীব্র সংকটে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। একমাত্র ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল সরবরাহ না থাকায় ধান ও আমের মৌসুমে চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বর্তমানে ভরা ধান মৌসুম এবং আমের পরিচর্যার গুরুত্বপূর্ণ সময় চলছে। এ সময় সেচ ও পরিচর্যার জন্য জ্বালানী তেল অত্যাবশ্যক। কিন্তু পর্যাপ্ত তেল না পাওয়ায় কৃষকরা চাহিদামতো সেচ ও পরিচর্যা করতে পারছেন না, ফলে লক্ষ্যমাত্রা অনুযায়ী ফলন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
স্থানীয় কৃষকরা জানান, তারা ভোলাহাট ফিলিং স্টেশনের ওপর নির্ভরশীল। কিন্তু চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন তারা। দ্রুত তেল সরবরাহ বৃদ্ধি না পেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা তাদের।

এ বিষয়ে ভোলাহাট ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মো. আব্দুল লতিফ জানান, বর্তমানে সপ্তাহে ২৬-২৭ হাজার লিটার তেল সরবরাহ পাওয়া যাচ্ছে, যেখানে প্রয়োজন অন্তত ৫০-৫৬ হাজার লিটার। তিনি বলেন, ধান ও আমের মৌসুমে চাহিদা বেড়ে যাওয়ায় এ সরবরাহ একেবারেই অপ্রতুল। সাপ্তাহিক সরবরাহ ৪০-৫০ হাজার লিটারে উন্নীত করা হলে কৃষকদের চাহিদা পূরণ করা সম্ভব হবে।
এ পরিস্থিতিতে দ্রুত তেল সরবরাহ বৃদ্ধি এবং কৃষকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন চাষীরা।
