
নিজস্ব প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লেজিসলেটিভ ও সংসদ বিভাগের যুগ্ম-সচিব ড. মুহাম্মদ মহিউদ্দিন।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি লেজিসলেটিভ ও সংসদ বিভাগের মনোনীত কর্মকর্তাবৃন্দ, ইউএনডিপি এবং ইএসডিওর প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে এ কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন আইনে গ্রাম আদালতে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রাখা হয়েছে, যা আগে ছিল ৭৫ হাজার টাকা।
পরিদর্শনকালে ইউপি সদস্যরা জানান, কোন অপরাধে কোন ধারায় গ্রাম আদালতে মীমাংসা করা যাবে—এ বিষয়ে তাদের সুস্পষ্ট ধারণা নেই। এ কারণে তারা প্রশিক্ষণের ব্যবস্থা করার অনুরোধ জানান। একই সঙ্গে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনায় আর্থিক সহায়তার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন রায়ঘাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন লেজিসলেটিভ ও সংসদ বিভাগের যুগ্ম-সচিব মনিরুজ্জামান, সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ জিয়া উদ্দিন, উপসচিব মোহাম্মদ আবু কাউসার ও দীপংকর বিশ্বাস, সিনিয়র সহকারী সচিব সাহিনুর রহমান, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার প্রকৌশলী মো. নাহিদ মিয়া, সহকারী সচিব সৌমেন পালিত বাবু, ইউএনডিপির প্রজেক্ট অ্যানালিস্ট শাহাদাত হোসেন, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের লিগ্যাল এক্সপার্ট মশিউর রহমান, ইএসডিওর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রোগ্র কো-অর্ডিনেটর তোফাজ্জল হোসেন, প্রকল্প সমন্বয়কারী মারুফ আহমেদ ও জেলা ম্যানেজার লুৎফর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা, ইউপি সচিব সুলতানা রাজিয়া, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মুক্তি বেগমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।