
জয়,চীফ রিপোর্টার,
ঈদ মানেই পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি,নতুন জামার গন্ধ আর মায়ের হাতের রান্না। কিন্তু সমাজে এমন অনেক শিশু আছে যারা এই বিশেষ দিনগুলোতেও পরিবার থেকে দূরে অবস্থান করে। সেই সব সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের আনন্দ দিতে এগিয়ে এলেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।
গতকাল শুক্রবার রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি এতিমখানায় শিশুদের হাতে ঈদের উপহার সামগ্রী তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস। উপহারগুলো আর্থিক মূল্যে বড় না হলেও শিশুদের মুখের হাসি,উচ্ছ্বাস আর চোখের ঝিলিক যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান প্রাপ্তি হয়ে ধরা দেয়।
এ সময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন,সৃষ্টিকর্তা যেন এই নিষ্পাপ শিশুদের জীবনকে সুখ,শান্তি ও বরকতে ভরিয়ে দেন। আর আমাদের সবাইকে এমনভাবে মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দান করেন, যাতে কারও ঈদ একাকীত্বে না কাটে।
উপহার পেয়ে শিশুরা আনন্দে মেতে ওঠে। এতিমখানার তত্ত্বাবধায়ক বলেন, প্রশাসনের এ ধরনের মানবিক উদ্যোগ শিশুদের মনে উৎসবের আমেজ এনে দেয়। সমাজের সামর্থ্যবান সকলকে এভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।