
নিজস্ব প্রতিনিধি
রাজশাহীতে কয়েকজন সাংবাদিকের নাম ও পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য, বিভ্রান্তিকর ছবি এবং অপপ্রচারমূলক পোস্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, রাজশাহী প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও সাংবাদিক মোঃ সুরুজ আলী গত ৩০ মে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রাজশাহী প্রেসক্লাবে অবস্থানকালে ফেসবুক ব্যবহারের সময় দেখতে পান, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা ভুয়া ফেসবুক আইডি খুলে তার নামসহ রাজশাহী প্রেসক্লাবের একাধিক সাংবাদিকের পরিচয় ব্যবহার করে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করছে।
অভিযোগে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভ্রান্তিকর ও সম্পাদিত ছবি প্রকাশের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং সাংবাদিকদের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। একাধিক ফেসবুক লিংকের মাধ্যমে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার পরিচালিত হচ্ছে বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।
সাংবাদিক সুরুজ আলী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য ও ছবিগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বিভিন্ন উপায়ে অপপ্রচারকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা করলেও এখন পর্যন্ত তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।
এ ধরনের কর্মকাণ্ডের ফলে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে উল্লেখ করে তিনি জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ ঘটনায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।