
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বাসের চাপায় মাসুম আহমেদ (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরীর চোদ্দপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই মো. আকরামুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মাসুম আহমেদ রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর এলাকার হায়দার আলীর ছেলে।
এসআই আকরামুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের সদস্যদের কাছ থেকে জানা যায়, বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মাসুম। পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসক তাকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মারা যান। তিনি আরও জানান, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
