
সিংড়া (নাটোর) প্রতিনিধি :
নাটোরের সিংড়ায় পানিতে ডুবে ফাহিম ও তামিম নামে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা যায়, বগুড়া জেলার শাহজাহানপুর এলাকার মালয়েশিয়া প্রবাসী আব্দুল মমিনের দুই ছেলে ফাহিম (১৪) ও তামিম (১২) মায়ের সঙ্গে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে নানার বাড়িতে বসবাস করছিল। শুক্রবার দুপুরে খেলতে খেলতে তারা পুকুরে নামে এবং একপর্যায়ে পানিতে ডুবে যায়।
পরিবারের সদস্যরা দীর্ঘ সময় তাদের খুঁজে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাটি নিশ্চিত করেছেন।
