
চীফ রিপোর্টার:
রাজশাহীর বোয়ালিয়া থানা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. চিত্রলেখা নাজনীন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। এছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুধীজন ও বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গত ১৯ মে শুরু হওয়া এই মেলায় ৯টি সহায়তা বুথের মাধ্যমে প্রায় ৫০ জনের বেশি নাগরিক ভূমি সংক্রান্ত তাৎক্ষণিক সেবা গ্রহণ করেন। সেবাগ্রহীতাদের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে আয়োজকরা জানান।
ভূমিসেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে জনগণের সংযোগ বৃদ্ধি এবং প্রান্তিক পর্যায়ে জনবান্ধব অটোমেটেড সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী এই মেলার আয়োজন করা হয়। মেলায় ভূমি পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ, মৌজাম্যাপ প্রাপ্তিসহ বিভিন্ন সেবা সম্পর্কে সরাসরি ধারণা দেওয়া হয়।
সেবা গ্রহণকারীদের অভিযোগ জানানোর জন্য জাতীয় হটলাইন ১৬১২ এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের বিশেষ হটলাইন নম্বর সম্পর্কেও অবহিত করা হয়। একইসঙ্গে ‘ভূমি আমার ঠিকানা’ শীর্ষক একটি তথ্যবহুল বুকলেট বিতরণ করা হয়, যাতে সাধারণ মানুষ সহজ ভাষায় ভূমি সেবা সম্পর্কে জানতে পারেন।
মেলায় স্থাপিত নয়টি সেবা বুথের মধ্যে সেবার মান ও দক্ষতার ভিত্তিতে জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহীর রেকর্ড রুম প্রথম স্থান অর্জন করে। সমাপনী অনুষ্ঠানে বিজয়ী বুথগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে মেলা উপলক্ষ্যে আয়োজিত ভূমি সংক্রান্ত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়।