
নিজস্ব প্রতিনিধি: রাজশাহী মহানগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ায় পবিত্র পরিবার ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।শুক্রবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মপল্লীর পক্ষ থেকে রাসিক প্রশাসককে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সংবর্ধনা উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীরা ঐতিহ্যবাহী নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। রাজশাহী সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। সকল সম্প্রদায়ের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি সুন্দর, স্বাস্থ্যকর ও উন্নত নগরী গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ রাসিক প্রশাসকের কাছে এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত দাবি তুলে ধরেন। এ সময় প্রশাসক তাৎক্ষণিকভাবে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবিত্র পরিবার ক্যাথলিক গীর্জার পাল পুরোহিত ফাদার লিটন, গ্রাম প্রধান ও প্যারিস কাউন্সিলের সহ-সভাপতি রাফায়েল মুর্মু, সদস্য মিস্টার মাইকেল মারান্দী, সৃজনশীল যুব সংঘের উপদেষ্টা খোকন বাক্সি, নারী ও শিশু কল্যাণ সংস্থার পরিচালক ও উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম রাজশাহী মহানগরের সভাপতি সুমী মুর্মুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ছাড়া অনুষ্ঠানে রাজশাহী মহানগর যুবদলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক ও বর্তমান সদস্য রনি হোসেন রাহুল, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন নন্দিনী, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, রাজশাহীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব সম্প্রদায়ের উন্নয়নে রাসিক প্রশাসকের আন্তরিক ভূমিকা প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও এ ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।