
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীর বিভিন্ন বাজারে মাংসের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। গরু, ব্রয়লার ও সোনালী মুরগির দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের বাড়তি খরচ গুনতে হচ্ছে।
বৃহস্পতিবার নগরীর সাহেববাজার, কোর্ট এলাকা, কাশিয়াডাঙ্গা ও শালবাগানসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গরুর মাংস কেজি প্রতি ৮০০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। অধিকাংশ দোকানেই ৮৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে, তবে কিছু কিছু স্থানে ৭৮০ থেকে ৮০০ টাকাতেও বিক্রি হচ্ছে।
এদিকে ব্রয়লার মুরগির দাম বেড়ে কেজি প্রতি ২২০ থেকে ২৩৫ টাকায় দাঁড়িয়েছে, যা এক সপ্তাহ আগের তুলনায় প্রায় ১০ টাকা বেশি। অন্যদিকে সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪৩০ টাকায়, যা আগে থেকে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেশি।
ক্রেতারা অভিযোগ করে বলেন, ঈদ এলেই নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। বাড়তি চাহিদাকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা দফায় দফায় দাম বাড়ান। বাজারে নিয়মিত তদারকি থাকলে এমন পরিস্থিতি তৈরি হতো না বলে মনে করেন তারা।
তবে বিক্রেতারা ভিন্ন কথা বলছেন। তাদের দাবি, খামার থেকেই গরু ও মুরগির দাম বেশি হওয়ায় তারা বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করছেন। বেশি দামে কিনে কম দামে বিক্রি করা সম্ভব নয় বলে জানান তারা।
সব মিলিয়ে ঈদকে সামনে রেখে রাজশাহীর বাজারে মাংসের দাম বৃদ্ধিতে ক্রেতারা পড়েছেন চাপে। সংশ্লিষ্টদের মতে, বাজারে কার্যকর নজরদারি জোরদার করা না হলে ঈদের আগ মুহূর্তে দাম আরও বাড়তে পারে।
