
অনলাইন ডেস্ক:
পূর্ববিরোধের জেরে ঈদের নামাজ শেষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শনিবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ওসি বনি ইসরাইল।
নিহতরা হলেন- গ্রামের প্রয়াত ইংরেজ কাজির ছেলে নাজিম উদ্দীন কাজি (৭৫) এবং নাবু কাজির ছেলে শিমুল কাজি (১৮)।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আছিয়া বেগম ও শরিফুল ইসলামকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে ঈদের নামাজের পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে শিমুল কাজি গুরুতর আহত হন। এ খবর শুনে নাজিম উদ্দীন কাজি অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার আগেই মারা যান।
তবে স্থানীয়দের দাবি, নাতিকে রক্ষা করতে গিয়ে ধাক্কা খেয়ে নাজিম উদ্দীন হৃদরোগে আক্রান্ত হন। অপরদিকে গুরুতর আহত শিমুল কাজিকে কুষ্টিয়ায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দুই গ্রুপের বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত।
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা প্রশান্ত কুমার ধর জানান, আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় পাঠানো হয়েছে।
ওসি বনি ইসরাইল বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।