
নিউজ ডেস্ক: কোচিং বাণিজ্যকে দীর্ঘদিনের একটি সামাজিক সমস্যা হিসেবে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, এ বিষয়ে সরকারের অবস্থান কঠোর। কোচিং নির্ভরতা কমাতে ইতোমধ্যে বিভিন্ন নীতি ও উদ্ভাবনী উদ্যোগ নেওয়া হয়েছে, যা শিগগিরই পরীক্ষামূলকভাবে চালু করা হবে। শনিবার সকালে রাজধানীর যাত্রাবাড়ীর পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, আগামী বছর থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, গত বছর অন্তর্বর্তী সরকারের সময়ে এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে শিক্ষার্থী ও অভিভাবকদের পড়াশোনায় উৎসাহিত করতে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে দায়িত্ব নেওয়ার পরই সরকার এ পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়।
তিনি আরও জানান, ভবিষ্যতে বৃত্তি পরীক্ষার নীতিমালা, অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা এবং বৃত্তির পরিমাণ পুনর্বিবেচনার পরিকল্পনা রয়েছে।
এদিকে, চলমান প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান প্রতিমন্ত্রী। পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
