
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর শাহমখদুম থানা এলাকায় গভীর রাতে গোয়ালঘর থেকে গরু চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোসা. নাসিমা।
অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর নতুন ফুতকিপাড়া এলাকার বাসিন্দা নাসিমা ১২ মে দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোয়ালঘরে গিয়ে দেখতে পান, তার পালিত ৩টি গরুর মধ্যে একটি গরু নেই। পরে পরিবারের সদস্যরা আশপাশ এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, নতুন ফুতকিপাড়া এলাকার হাসিবুল, সোহেল ও আরিফের সহযোগিতায় কাশিয়াডাঙ্গা এলাকার রাকিবসহ অজ্ঞাত আরও কয়েকজন মিলে গরুটি নিয়ে যায়। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তদের হাতে দেশীয় অস্ত্র থাকায় স্থানীয় কেউ বাধা দেওয়ার সাহস পাননি।
ভুক্তভোগীর দাবি, ঘটনার পর রাত আনুমানিক ৩টার দিকে শাহমখদুম থানায় বিষয়টি জানানো হলে ভোর ৪টার দিকে এসআই আমিরুল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেন। তবে অভিযুক্তদের সঙ্গে কথা বললেও কাউকে আটক করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। এছাড়াও লিলিহল মোড় এলাকায় থাকা সিসিটিভি ফুটেজে রাত ১টা ১৬ মিনিটের দিকে ৫ জন ব্যক্তিকে গরু নিয়ে যেতে দেখা গেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
