
অনলাইন ডেস্ক:
চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত চট্টলা এক্সপ্রেস ট্রেনের একটি পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর না মিললেও যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) গেট এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ট্রেনের অক্ষত বগিগুলো বিচ্ছিন্ন করে ফৌজদারহাট স্টেশনে নেওয়া হয়।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আহসান হাবিব জানান, সকাল ৭টার দিকে চলন্ত অবস্থায় ট্রেনটিতে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে পাওয়ার কারে আগুন জ্বলতে দেখেন। দ্রুত ব্যবস্থা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ট্রেনের কর্মকর্তা, সেনাবাহিনীর সদস্য এবং স্থানীয়দের সহায়তায় অক্ষত বগিগুলো আলাদা করে ফৌজদারহাট স্টেশনে সরিয়ে নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা বজলুর রহমান বলেন, ট্রেনের যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধারকাজে সহায়তা করেন।
রেলওয়ে পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, ১৭টি বগি নিয়ে ট্রেনটি সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। সকাল ৭টার দিকে বিএমএ গেট এলাকায় পৌঁছালে শীতাতপনিয়ন্ত্রিত ‘চ’ বগির সামনে থাকা একটি পাওয়ার কারে আগুন লাগে।
তিনি বলেন, এক যাত্রী ওয়াশরুমে গিয়ে আগুন দেখতে পেয়ে অন্যদের জানালে তাৎক্ষণিক ট্রেন থামানোর সংকেত দেওয়া হয়। পরে যাত্রীরা নেমে পড়েন। আগুন লাগা বগি ও পাশের ‘চ’ বগি বিচ্ছিন্ন করে ফৌজদারহাট স্টেশনে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, চট্টগ্রাম থেকে বিকল্প দুটি বগি এনে সংযুক্ত করার পর ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে দেওয়া হবে। বর্তমানে বিএমএ গেট এলাকায় ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে বিপরীত লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
