
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আলাউল হকসহ চার নেতা দল থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার তারা দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র পাঠান বলে জানিয়েছেন। পরে দুপুরে পদত্যাগপত্রের অনুলিপি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের কাছে সরবরাহ করা হয়।
পদত্যাগ করা অন্য নেতারা হলেন- জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাজমুল হুদা খান, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম এবং যুগ্ম সদস্যসচিব সৈয়দ কিবরিয়া। পৃথক পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সব পদ থেকে অব্যাহতি নেওয়ার কথা উল্লেখ করেছেন।
আলাউল হক বলেন, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে তিনি দলের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছিলেন না। এ কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে নাজমুল হুদা খান জানান, পরিবর্তনের প্রত্যাশা নিয়ে তারা এনসিপিতে যোগ দিলেও পরে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। তাই তারা দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ৫ জুন আলাউল হককে প্রধান সমন্বয়কারী করে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক কমিটি গঠন করা হয়। পরে তাকে আহ্বায়ক করে জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
